সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, সোমবার বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিন এটিই ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে গরমের অনুভূতিও বেড়েছে। দুপুরের পর থেকে প্রচ- রোদ ও গরমে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে কিছুটা ভোগান্তি দেখা দেয়। প্রয়োজন ছাড়া অনেকেই দিনের গরম সময়ে বাইরে বের হননি। বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে গরমের মধ্যে কাজ করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে।
শ্রীমঙ্গলের চা-বাগান অধ্যুষিত এলাকায়ও দিনের তীব্র গরমের প্রভাব পড়েছে। চা-বাগানে কর্মরত শ্রমিকদের রোদ ও গরমের মধ্যে কাজ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে রোদের তীব্রতা থাকলেও দুপুরের পর গরমের অনুভূতি আরও বেড়ে যায়।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল দেশের অন্যতম উষ্ণ অঞ্চল হিসেবে বিভিন্ন সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে থাকে। ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াজনিত বিভিন্ন কারণে এ অঞ্চলে তাপমাত্রার তারতম্যও লক্ষ্য করা যায়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, গত দুইমাসের মধ্যে সোমবারই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে।
মন্তব্য করুন