দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২১ দিনেই মারা গেছেন ৯৩ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৮১ জন, খুলনা বিভাগে ২৭১, বরিশাল বিভাগে ২১৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬, রাজশাহী বিভাগে ১৪৬, ময়মনসিংহে ৪৩, রংপুরে ৪১ এবং সিলেটে ৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে মারা যান ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই প্রাণ হারিয়েছেন ৯৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ডেঙ্গুতে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৩৪, চট্টগ্রামে ১৮, ময়মনসিংহে ১৮, বরিশালে ১৪, রাজশাহীতে ১৪, রংপুরে ৪ এবং সিলেটে একজন মারা গেছেন।