মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথকভাবে অনুষ্ঠিত এসব সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সাশ্রয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসনসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থাপনা, অপচয় রোধ এবং প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে সভার আগে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির আড়াই হাজার গাছের চারা বিতরণ করা হয়। জলবয়ু পরির্বতন ট্রাষ্ট ফান্ড ও বন বিভাগের আয়োজনে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চারা বিতরণকালে শিক্ষার্থীদের গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপক বনায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের সংশ্লিষ্টরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ ও বনায়নের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস তৈরি হলে তা পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
মন্তব্য করুন