আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সম্প্রসারণ করা হবে।