পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানানো হয়। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

সফরকালে চীনা নৌবাহিনীর প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। চীনা কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

এ সফরের মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত মতবিনিময়, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।