শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ২০২৮ সালের আগে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর কাজ শুরু হয়েছে। আগের দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

বিদ্যুৎ খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সৌরবিদ্যুতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এফএসআরইউর পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’