যেকোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজ রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু কমিশনারদের এ কথা বলেন। নির্দেশনায় ভূমিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি বলেন- ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি এবং খাস জমি জবরদখল করে আসছে। এই চক্রকে ভাঙতে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।
সভায় দেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন