সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তিনি সান্ত্বনা দিতেন এবং তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। অথচ গুমের ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে দাবি করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে বিষয়টি এখন স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন স্পিকার।
বিগত সরকারের বিরুদ্ধে লুটপাট ও দুর্নীতির অভিযোগও করেন তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা ও একটি পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল বলে দাবি করেন হাফিজ। একই সঙ্গে সাবেক সরকারের কয়েকজন মন্ত্রী-এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন তিনি।
লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার বলেন, বিগত সরকারের সময়ে তার নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ২০১০ সালের উপনির্বাচনে তার নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে মারধরের অভিযোগও করেন তিনি।
সভা শেষে নিজের নির্বাচনি এলাকার মানুষের কাছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনে তারা সন্তুষ্ট কি না, তা জানতে চান হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত জানতে ‘হ্যাঁ-না’ ভোট নেওয়া হয়। এতে ‘হ্যাঁ’ জয়ী হলে করতালির মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন