ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিস্থিতির পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি।

যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ পরিবর্তনের সক্ষমতা দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এবার রাষ্ট্রকে পরিবর্তন করি।’