শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগানে চা পাতা তুলতে গিয়ে একটি বিষধর খৈয়া গোখরা সাপের সন্ধান পেয়েছেন চা শ্রমিকরা। শুক্রবার সকাল ৯টার দিকে চা পাতা তোলার সময় সাপটি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
বিষয়টি চা বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা সাপটিকে খৈয়া গোখরা (Spectacled Cobra/Binocellate Cobra) হিসেবে শনাক্ত করেন। এর বৈজ্ঞানিক নাম Naja naja এবং এটি Elapidae পরিবারের অত্যন্ত বিষধর সাপ। বাংলাদেশে খৈয়া গোখরা নামে এই প্রজাতির পরিচিতি রয়েছে।
পরে উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
মন্তব্য করুন