মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের সুবিধার্থে ছয়টি নতুন সিলিং ফ্যান উপহার দিয়েছে অলাভজনক ও সেবামূলক সংস্থা ‘সোশ্যাল এইড’ (Social Aid)।

সোশ্যাল এইডের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী এস এ হামিদ বলেন, হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা অনেক রোগী সিট না পেয়ে বারান্দায় বিছানায় শুয়ে চিকিৎসা নেন। কিন্তু বারান্দায় কোনো ফ্যান না থাকায় তীব্র গরমে তাদের দুর্ভোগ পোহাতে হতো। নতুন ফ্যানগুলো স্থাপনের ফলে চিকিৎসাধীন রোগীদের গরমের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সোশ্যাল এইডের কয়েকজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে এই ছয়টি ফ্যান স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেন।

বৃহস্পতিবার ফ্যানগুলো হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের কাছে হস্তান্তর করা হয়।

রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘সোশ্যাল এইড’-এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের সেবায় ইতিবাচক ভূমিকা রাখবে।