দেশের স্বার্থে জমি দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে বিএনপির সংরক্ষিত মহিলা আসন-৩২-এর সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জমি দখলদারদের বিরুদ্ধে সরকার আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধেও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, বালু ও মাটি উত্তোলন, বিপণন, পরিবহন ও বিতরণ ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ সংশোধন করে বালু ও মাটি উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ইজারার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া অবৈধ বালু উত্তোলন বন্ধে সারাদেশে দিনরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারাদেশে ২ হাজার ৬১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২০২৫ সাল থেকে এ পর্যন্ত পরিচালিত হয়েছে মোট ৩ হাজার ৯৭৬টি অভিযান। এসব অভিযানে ৪ হাজার ১৫টি মামলা করা হয়েছে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ১ হাজার ২১৬ জনকে এবং আদায় করা হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকার বেশি জরিমানা।
পরিবেশবিদদের মতে, অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে পানির স্বচ্ছতা ও জলজ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্য ও মানুষের জীবিকাও হুমকির মুখে পড়ে।
মন্তব্য করুন