‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক ক্যাশলেস লেনদেন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে আর্থিক সাক্ষরতা বাড়াতে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শ্রীগোবিন্দপুর চা বাগানে এনসিসি ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা কার্যক্রম ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে চা বাগানের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ শ্রমিক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক, ঢাকার ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংক সিলেট রিজিয়নের প্রধান বিমান কান্তি ঘোষ, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস এবং সিলেট কুমারপাড়া শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ওবায়দুল হক, এএসএম জাকির হোসেন, এক্সিকিউটিভ অফিসার, মো. সাজেদুল হক হৃদয়, অ্যাসিস্ট্যান্ট অফিসার, শ্রীগোবিন্দপুর চা বাগানের ডিজিএম প্রশান্ত কুমার সরকার ও ব্যবস্থাপক শামিম ফয়সল।

অনুষ্ঠানে চা শ্রমিকদের ব্যাংকিং সেবা গ্রহণ, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হয়। বিশেষভাবে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুবিধা সম্পর্কে শ্রমিকদের অবহিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১০ টাকায় খোলা ব্যাংক হিসাবটি একটি সঞ্চয়ী হিসাব। এ হিসাবের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, অন্য গ্রাহকের হিসাবে টাকা প্রেরণ ও পাওনা পরিশোধ, ঋণের টাকা উত্তোলন ও পরিশোধ এবং ইউটিলিটি বিল পরিশোধ করা যায়। পাশাপাশি সরকারি ভাতা, সন্তানের বৃত্তি ও উপবৃত্তির অর্থও এ হিসাবে গ্রহণ করা সম্ভব।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোনো ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট অথবা ব্যাংক নির্ধারিত অন্যান্য অ্যাকসেস পয়েন্ট থেকে ১০ টাকায় এ ধরনের ব্যাংক হিসাব খোলা যায়। কৃষক এবং নিম্ন আয়ের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এ হিসাব খোলার সুযোগ পাবেন।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা, সঞ্চয়ে উৎসাহিত করা এবং আধুনিক ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করে তোলার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করা সম্ভব। চা শ্রমিকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে নারী-পুরুষ চা-শ্রমিকদের মধ্যে ব্যাংকের পক্ষ থেকে একটি করে ছাতা ও আপ্যায়ন করা হয়।