গ্যাসের সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাস সরবরাহের সংকট দূর হলে বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। ফলে বর্তমান সংকট আর এতটা প্রকট থাকবে না বলে আশা করা হচ্ছে।
ঢাকায় লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নেওয়া উচিত। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ঢাকা কিছুটা অগ্রাধিকার পেতে পারে। একই সঙ্গে ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখা হবে’—এমন ধারণা থেকে সরকার সরে আসছে বলেও জানান তিনি।
লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ২০২৩ সালের জুনে দেশে দৈনিক গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং ছিল, যা ২০২৬ সালের জুনে কমে ৭৪১ মেগাওয়াটে দাঁড়িয়েছে। জুলাইয়ে ২০২৩ সালে গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, আর ২০২৬ সালে তা ছিল ৪৬০ মেগাওয়াট।
তিনি আরও জানান, শেখ হাসিনা সরকারের শেষ পূর্ণ বছর ২০২৩ সালের তুলনায় ২০২৬ সালের জুন ও জুলাইয়ে গড় লোডশেডিং কম ছিল। আগস্টের পরিস্থিতিও তুলনামূলকভাবে মূল্যায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন