বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক সোরায়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, খন্দকার মোহম্মাদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুন্সিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে দলটির ভূমিকা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় ঐক্য এবং দেশের উন্নয়নে বিএনপির বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময়ে সরকার গঠন করেছে দলটি এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।