বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে আসেন তার সহধর্মিণী খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তিনি দলটির চেয়ারপারসন হিসেবে নেতৃত্ব দেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সময়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। পরে কারাভোগ ও অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে।

এদিকে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে লন্ডনে অবস্থান করেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। ২০০৬ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি জুলাই আন্দোলনের পর রাজনৈতিকভাবে নতুন পরিস্থিতির মুখোমুখি হয়। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। একই মাসের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা ও দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া।

এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে তার নেতৃত্বাধীন বিএনপি।

বর্ণাঢ্য কর্মসূচি

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এর অংশ হিসেবে আজ সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।

মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গত ২৬ আগস্ট এসব কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।