পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট নতুন (আংশিক) কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ। বুধবার (২৬ আগষ্ট) সদ্য ঘোষিত এ কমিটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে পুনঃরায় কমিটি গঠনের দাবীতে বিক্ষোভ ঝাড়ু মিছিল ও পথসভা কর্মসূচি পালন করেছেন উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির পদবঞ্চিত নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আদালত চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ ঝাড়ু মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন বাসষ্ট্যান্ডে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সুজন হাওলাদার, মোঃ শাহিন ফরাজী ও মোঃ বাবুল মুন্সী প্রমূখ।
পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন – টাকার বিনিময়ে স্বজনপ্রীতি করে আওয়ামী লীগ শাসনামলে হামলা- মামলা শিকার হওয়াসহ কারাবরনকারী ত্যাগী নেতা- কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এই পকেট কমিটি করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে ২১৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ইব্রাহীম হোসেন জুয়েল মৃধাকে এই কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে। নবঘোষিত এই কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত ও গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবী জানান নেতা-কর্মীরা।
নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটি ও পদবঞ্চিত পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
প্রসঙ্গত, বুধবার (২৬ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে গাজী রাশেদ শামসকে সভাপতি, মোঃ নাসির উদ্দিন হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আবু বকর সিদ্দিকী চৌধুরীকে সহ-সভাপতি, গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মাহীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম শাহীনকে সাংগঠনিক সম্পাদক ও ইব্রাহীম হোসেন জুয়েল মৃধাকে দপ্তর সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন