নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবন, মতিঝিল ও গুলিস্তান এলাকায় ভিআইপি চলাচল নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি সড়কে সাধারণ যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত কোনো সাধারণ যানবাহন প্রবেশ করতে পারবে না। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বাসগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া হানিফ ফ্লাইওভার দিয়ে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল-নাইটিঙ্গেল-ফকিরাপুল হয়ে শাপলা চত্বর সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।

সাময়িক এ ট্রাফিক ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকায় চলাচলকারী সাধারণ মানুষকে কিছুটা বিলম্ব ও ভোগান্তিতে পড়তে হতে পারে। এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।