স্বাস্থ্যসেবায় অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ “Appreciation for Outstanding Performance” সম্মাননা অর্জন করেছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান উপলক্ষে ডা. মাহবুবুল আলম শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে হাসপাতালের কনফারেন্স হলে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়; বরং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রম এবং সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এ অর্জন হাসপাতালের প্রতিটি সদস্যকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল, উদ্যমী ও জনবান্ধব সেবা প্রদানে উৎসাহিত করবে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অগ্রযাত্রায় সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. নূর এ আলম শামীম এবং মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, এ স্বীকৃতি ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং শ্রীমঙ্গলবাসীর জন্য আরও উন্নত, সহজলভ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথকে সুগম করবে।