লেনদেন হচ্ছে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পূবালী ব্যাংক পিএলসির ‘বাংলা কিউআর’ ও ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার উদ্যোগে উপজেলার পুলঘাট বাজারে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।

‎আয়োজকরা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চালু হওয়া বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা দ্রুত নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বাড়বে।

‎পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার ব্যবস্থাপক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন আকন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ারুল ইসলাম হাওলাদার, মিজানুর রহমান শাহিনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।