রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বীর শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সরকার জানিয়েছে, জাদুঘরটিতে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নানা ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এসব সংগ্রহের মাধ্যমে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং গণ-অভ্যুত্থানের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্বোধনের দিন অর্থাৎ ৫ আগস্ট জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মন্তব্য করুন