দেশের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন। গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রামের সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

ডেল্টাগ্রামের পরিচালিত জরিপে দেশের বিভিন্ন অঞ্চলের ৩ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। এতে ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ১৭ দশমিক ৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশব্যাপী জরিপটি পরিচালিত হয়। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর সরকারের কার্যক্রম সম্পর্কে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে এই সমীক্ষা পরিচালিত হয়।

জরিপের বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে। সেখানে অনুমোদনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার ৭০ দশমিক ৪ শতাংশ।

শহর ও গ্রামের তুলনামূলক চিত্রে দেখা যায়, গ্রামাঞ্চলে সরকারের প্রতি সমর্থন তুলনামূলক বেশি। গ্রামীণ এলাকার ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহরাঞ্চলে এ হার ৭০ দশমিক ১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, প্রায় সব বয়সী মানুষের মধ্যেই সমর্থনের হার কাছাকাছি। তবে ৬০ বছর বা তার বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে সমর্থনের হার তুলনামূলক কম, যা ৭০ দশমিক ৯ শতাংশ।

জরিপে আরও উঠে এসেছে, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর সরকারের প্রথম কয়েক মাসেই উল্লেখযোগ্য জনসমর্থন অর্জন করেছে সরকার।

ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপে দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা (Two-stage Stratified Probability Sampling) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। দেশের আটটি বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটি এলাকায় ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়। মোট ৩ হাজার মানুষের মতামত সংগ্রহ করা হয়। জরিপের সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।