জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামীকাল রোববার শ্রীমঙ্গল উপজেলায় ৩৬ হাজার ১০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৫৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে উপজেলার ৩৬ হাজার ১০৯ জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে।

তিনি আরও জানান, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলায় ২১৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪৩৪ জন স্বেচ্ছাসেবক এবং সার্বিক তদারকিতে থাকবেন ২৭ জন সুপারভাইজার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনের কার্যক্রম চলবে।

এ ছাড়া শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় ২০টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। সেখানে দায়িত্ব পালন করবেন ৫২ জন স্বেচ্ছাসেবক।

শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইনের বিভিন্ন দিক উপস্থাপন করেন ডা. সুভাস দেবনাথ স্নিগ্ধ। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আকাশ নুনিয়া।

এ ছাড়া স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পেইন সফল করতে দায়িত্ব পালন করবেন।