মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার সাড়ে ৫ ঘন্টা পর রাত ৯টায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।
রেলসুত্র জানায়, শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় আখাউড়াগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর লাউয়াছড়া এলাকায় মালবাহী ট্রেনটি আটকা পড়ে আছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকে পড়ে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর রাত ৯ টায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন