উপকরণ:-
মুরগির মাংস (দেড় কেজি)
ঘন দুধ (দেড় কাপ)
ঘি (২ টেবিল চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (আধা চা চামচ)
পেঁয়াজ বাটা (১ টেবিল চামচ)
পেঁয়াজ বেরেস্তা বাটা (১ চা চামচ)
পোস্তদানা বাটা (১ চা চামচ)
বাদাম বাটা (১ চা চামচ)
কিশমিশ বাটা (আধা চা চামচ)
তেজপাতা (২টি)
এলাচ (৪-৫টি)
দারুচিনি (২ টুকরা)
চিনি (আধা চা চামচ)
লবণ (স্বাদমতো)
সাজানোর জন্য পেঁয়াজ বেরেস্তা।
প্রস্তুত প্রণালী:-
১। চুলায় কড়াই বসিয়ে ঘি গরম করুন। ঘি গরম হলে এতে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিন। এরপর একে একে সব বাটা মসলা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
২। মসলা কষানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে দিন। মাংসের সাথে মসলাগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষাতে থাকুন।
৩। মাংস কষানো হলে এতে দেড় কাপ দুধ দিয়ে দিন।
এরপর কড়াই ঢেকে দিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ মাঝারি থেকে কমিয়ে রাখুন। (প্রয়োজন মনে করলে সামান্য জল দিতে পারেন)।
৪। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হয়ে এলে ওপর থেকে চিনি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল জিভে জল আনা শাহী মুরগির কোরমা।
মন্তব্য করুন