বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, ১১১ পটুয়াখালী- ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন – মানুষের দোষ গুন ভালো মন্দ অনেক কিছু থাকে কিন্তু “ম্যাডাম খালেদা জিয়া করাপ্ট ছিলেন এ কথা শত্রুও বলতে পারবে না”। বেগম খালেদা জিয়া জীবদ্দশায় কখনো কারো সাথে দূর্ব্যবহার করেননি, তার সাথে দীর্ঘ ৩৫ বছর রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ হয়েছে আমার। এই ৩৫ বছরে তার বাসা বা অফিস থেকে আমি কাউকে কোনো দিন মুখ অন্ধকার করে বের হতে দেখিনি, আমি তার জ্বলন্ত প্রমান।
আজ শনিবার (১০ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুবিদখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন – বেগম খালেদা জিয়ার জীবন আদর্শ ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে। বেগম জিয়া ছিলেন এক ইতিহাস। তার মৃত্যুর পর জানাযায় উপস্থিত মানুষের সংখ্যা বিশ্বে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বেগম জিয়ার মৃত্যুর পর দশ দিন অতিবাহিত হলেও আজও তার সমাধিস্থলে মানুষের ঢল প্রমান করে বেগম জিয়া ছিলেন গণমানুষের নেত্রী।
ফ্যাসিস্ট শাসনামলে বেগম জিয়াকে ইয়াতিমদের জন্য গঠন করা অরফানেজ ট্রাস্ট এর অর্থ আত্মসাতের মিথ্যা মামলা দিয়ে কারাদন্ড দেয়া হয়েছিল, অথচ ট্রাস্টের ফান্ডের শুরুর দুই কোটি টাকা এখন ৬ -৭ কোটি টাকা হয়েছে।

উপজেলা বিএনপি সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশ্রাফ আলী হাওলাদার।
আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আফজাল হোসেন রহমাতুল্লাহি।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের পূর্বে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,মহিলা দল সহ সহোযোগী বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন