“প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন”—এমন স্লোগান তুলে দেশের নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

শনিবার (৩ মে) বিকেল ৩টায় পটুয়াখালী শহরের চৌরাস্তায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশে বিগত ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তারা কথার সাথে কাজের মিল রাখেনি। শ্রমিকসহ সাধারণ জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে তারা শুধু নিজেদের স্বার্থই হাসিল করেছে। দুর্নীতির কারণে প্রতি বছর দেশের যে ক্ষতি হয়, তা রোধ করতে পারলে প্রতিবছর একটি নয়, দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো।”

তিনি আরও বলেন, “শ্রমিক-মালিকের সম্পর্ক ভাই ভাইয়ের মতো হলে দেশে শ্রমবিরোধ থাকত না। রাসূল (সা.) বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক প্রদান করতে হবে। এই নীতি বাস্তবায়নেই শ্রমিকদের প্রকৃত অধিকার রক্ষা সম্ভব।”

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মুহা. আনছার উদ্দীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমাদ সিরাজী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নাজিবুল্লাহ সরকার।

এছাড়া বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মুহা. সেলিম মিয়া, যুগ্ম সম্পাদক মাস্টার মুহা. সিদ্দিকুর রহমান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা প্রধান মাওলানা মুহা. আবু সাঈদ, শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা আনছার উল্লাহ্ আনছারী, সহ-সভাপতি মাওলানা মুহা. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহা. জাহিদ হোসেন লিটন, উপদেষ্টা মাওলানা আবুল হাসান বুখারী, আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুহা. শাহজামাল, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহা. মিরাজ হোসেন, জেলা সেক্রেটারি এইচ. এম. আব্দুল হাকিম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মুহা. আবুল হোসেন গাজী, সদ্য সাবেক সভাপতি মুহা. জসিম উদ্দিন জাফর এবং যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহা. আলী হাসান রুহানী।

বক্তারা বলেন, “বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামী নীতিমালা অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব। এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্য এবং সবার সম্মিলিত অংশগ্রহণ।”