পটুয়াখালী সদর উপজেলার একটি বিদ্যালয়ে দলবল নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়েছেন ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থীর বাবা। এ ঘটনায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। গত রবিবার (১লা সেপ্টেম্বর) এই ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উত্তর বাদুরা মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযুক্ত ঐ অভিভাবকের নাম শাহাজুল চৌকিদার। আর শাহাজুল চৌকিদারের ছেলে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী দশম শ্রেণির শিক্ষার্থী বলেন, গত রবিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সাথে দশম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে মারামারি হয়। এসময় তাদের মারামারি থামাতে এগিয়ে যাই আমি। পরে অষ্টম শ্রেণির ঐ শিক্ষার্থী বাসায় গিয়ে তার বাবা শাহাজুল চৌকিদার, চাচা লিটন, মিঠুন ও আরো ২/৩ জন লোক নিয়ে বিদ্যালয়ে এসে আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। একপর্যায়ে সবাই মিলে আমাকে এলোপাথাড়ি ভাবে লাথি দিতে থাকে। তখন একই বিদ্যালয়ের শিক্ষক হারুন আর রশিদ এবং সাবিনা ইয়াসমিন ম্যাম আমাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাদের গায়েও আঘাত লাগে। পরে স্কুলের সহপাঠীরা আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে যায়।
অভিযুক্ত অভিভাবক শাহাজুল চৌকিদার বলেন, আমার ছেলেকে প্রথমে মারধর করে দশম শ্রেণির এক শিক্ষার্থী তারপর বিদ্যালয়ে ঢুকে আমার ছেলে তাকে লাঠি দিয়ে পিটান দেয় এটা সত্য কথা। তবে আমি বা আমার ভাইয়েরা ঐ শিক্ষার্থীকে কোন ধরনের মারধর করিনি।
এ বিষয়ে উত্তর বাদুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেএম জাহেদুর রহমান বলেন, বিদ্যালয়ের ভেতরে ঠুকে এক শিক্ষার্থীকে আরেক শিক্ষার্থী তার বাবার সামনেই পেটালেন এটা আসলেই লজ্জা জনক। যদিও যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না। তবে এখন দুপক্ষকে নিয়ে খুব শিগগিরই বসবো সমাধানের জন্য বলে জানান তিনি।
মন্তব্য করুন