পাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে মাইকিং
প্রকাশ: 4 August 2023 । 22:09 | আপডেট: 4 August 2023 । 22:09
অর্পিতা চাকমা ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গত দুই দিনের টানা বর্ষণের কারণে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। পাশাপাশি শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
শুক্রবার (৪ আগস্ট) রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা শহরের শিমুলতলী, লোকনাথ মন্দির, রুপনগর, ভেদভেদী মুসলিম পাড়াসহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। এ সময় ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাসরতদের মাইকিং করে নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ৯টি ওয়ার্ডে মোট ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ে একটি কন্ট্রোলরুম (নিয়ন্ত্রণ কক্ষ) খোলা হয়েছে। কিন্তু পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের মধ্যে এখনো আশ্রয়কেন্দ্রে যাওয়ার তেমন আগ্রহ দেখা যায়নি।
রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.