সমুদ্রসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার..
প্রকাশ: 29 November 2026 । 20:22 | আপডেট: 29 November 2026 । 20:22
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন ৪৬৭ জন নবীন নাবিক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার দৃপ্ত অঙ্গীকার নিয়ে তাঁরা নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের সদস্য হিসেবে যাত্রা শুরু করেন।
রোববার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাঁদের প্রশিক্ষণ শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মো. সেজান মাহমুদ। দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পান মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. শাকিল হাসান।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.