জুলাই সনদ ও গণভোটের রায়..

প্রকাশ: 29 November 2026 । 17:32 | আপডেট: 29 November 2026 । 17:32

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা ছাড়া দেশে জাতীয় ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার জাতীয় ঐক্যের কথা বললেও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে ঐক্যের পরিবেশ নষ্ট করছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির, প্রখ্যাত আলেম ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ১৫ মিনিট কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, জাতীয় ঐক্যের পক্ষে তাঁরা রয়েছেন। কিন্তু জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করায় ঐক্যের পরিবেশ নষ্ট হচ্ছে। এই দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য আলাদা কোনো সভা বা বৈঠকের প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, দেশে পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তিদের বসানো হচ্ছে। অথচ আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ। বর্তমানে দুর্নীতি ও বৈষম্য বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের কায়দায় মানুষের ওপর জুলুম শুরু হয়েছে। ব্যাপক চাঁদাবাজি, দখলবাণিজ্য, দুর্নীতি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। সরকার পরিবর্তনের পরও মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ নিয়ে বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাত দফা দাবি দলীয় বা জোটগত দাবি নয়, বরং জনগণের দাবি। তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের আগে সব পক্ষই ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে তা বাস্তবায়নের কথা বলেছিল। কিন্তু এখন জুলাই সনদের বিভিন্ন বিষয়ে ভিন্নমত দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না। সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে। তবে সংসদ একেবারে অকার্যকর ও জাতির বোঝা হয়ে উঠলে সেখানে তাঁরা থাকবেন না। একই সঙ্গে জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক আন্দোলনে তাঁরা বিশ্বাস করেন না বলেও জানান তিনি।

সরকারের প্রতি প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে, তাদের সঙ্গে সরকারের কোনো আঁতাত রয়েছে কি না, তা স্পষ্ট করতে হবে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয় দেওয়া এবং ব্যবসা ও সম্পদের ভাগ-বাঁটোয়ারার অভিযোগ তুলে তিনি বলেন, সরকারকে এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে আসতে হবে।

আলোচনা সভায় আল্লামা সরওয়ার কামাল আজিজীর ধর্মীয় ও রাজনৈতিক অবদানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, ইলমে দ্বীনের জগতে তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আজীবন দ্বীনের জ্ঞান ছড়িয়ে দিতে কাজ করেছেন। তাঁর জীবনের নেক খেদমতগুলো কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!