গোপালগঞ্জের ঠিকানায় খোলা মোবাইল ব্যাংকিং..
প্রকাশ: 28 November 2026 । 12:13 | আপডেট: 28 November 2026 । 12:13
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
শুধু গোপালগঞ্জে নয়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী গোপালগঞ্জের বাসিন্দারা। জেলার ঠিকানা ব্যবহার করে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা গ্রাহকদের অনেকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবচেয়ে বেশি সহিংসতার খবর এসেছে গোপালগঞ্জ থেকে। সেখানে দুটি থানা ও তিনজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার ও সোমবারের লকডাউনের আগে গত বুধবার থেকেই গোপালগঞ্জের বাসিন্দাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের খবর পাওয়া যাচ্ছে। তবে সরকার বা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানায়নি। গ্রাহকরা কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও সুনির্দিষ্ট ব্যাখ্যা পাচ্ছেন না।
একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, বুধবার রাতে সব কোম্পানির প্রতিনিধিদের ডেকে গোপালগঞ্জের অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
ঢাকায় বসবাসকারী গোপালগঞ্জের অনেক বাসিন্দাও এ ভোগান্তিতে পড়েছেন। তাদের একজন রাজধানীর নিউ ইস্কাটনের বাসিন্দা ও জ্যেষ্ঠ সাংবাদিক রহমান মাসুদ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো অবস্থা। আমরা যেমন কোনো সহিংসতা মেনে নেব না, তেমনি এটাও মানতে পারি না। ব্যাংকিং মানুষের জীবনের জরুরি অংশ। অনেকে বিকাশে বেতন রাখেন। মাসের শেষে কারও কাছে হয়তো সামান্য টাকা থাকে, তারা এমনিতেই কষ্টে আছেন।’
ঢাকার মিরপুরে বসবাসকারী গোপালগঞ্জের বাসিন্দা ইয়াসমিন কেয়ার বিকাশ অ্যাকাউন্টও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে তার স্বামী সাহেগীর জুয়েলের বাড়ি গোপালগঞ্জে না হওয়ায় তার অ্যাকাউন্ট সচল রয়েছে।
জুয়েল জানান, বুধবার রাতে ফেসবুকে গোপালগঞ্জের ভোটারদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের খবর দেখে স্ত্রীকে মজা করে তার অ্যাকাউন্টের বিষয়ে জিজ্ঞেস করেন। পরে দেখা যায়, স্ত্রী অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। ফোন রিস্টার্ট করেও সমস্যার সমাধান হয়নি। পরদিন সকালে শাশুড়ির সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তাদের অ্যাকাউন্টও বন্ধ। পরিবারের কারও অ্যাকাউন্ট বন্ধ, আবার কারওটি চালু রয়েছে। কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও কারণ জানা যায়নি। পরে ইয়াসমিনের ফোনে পাঠানো বার্তায় জানানো হয়, এমএফএস নীতিমালা অনুযায়ী অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সরকারি চাকরিজীবীরাও এ সমস্যার বাইরে নন। রংপুর বিভাগে কর্মরত এক সাব-রেজিস্ট্রার জানান, তার নগদ অ্যাকাউন্ট সচল থাকলেও বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। তিনিও গোপালগঞ্জের ঠিকানা ব্যবহার করে অ্যাকাউন্টটি খুলেছিলেন।
‘আমার মা ওষুধ কেনার টাকা কোথায় পাবেন?’
গ্রামে থাকা অসুস্থ মায়ের কাছে টাকা পাঠাতে মূলত বিকাশ ব্যবহার করেন রহমান মাসুদ। অ্যাকাউন্ট বন্ধ থাকায় মায়ের চিকিৎসা ও ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। রহমান মাসুদ বলেন, ‘টাকা পাঠানো বন্ধ থাকলে আমার মা ওষুধ কেনার টাকা কোথায় পাবেন?’
গোপালগঞ্জ শহরের বটতলা রোডের বাসিন্দা সুমন বিশ্বাসও একই সমস্যায় পড়েছেন। তিনি জানান, মায়ের ওষুধ কেনার জন্য বড় বোন তার নম্বরে ৫ হাজার টাকা পাঠিয়েছিলেন। কিন্তু টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্ট বন্ধ। পরে প্রতিবেশীর কাছ থেকে ৩ হাজার টাকা ধার করে ওষুধ কিনতে হয়েছে।
লঞ্চঘাট এলাকার মো. আসলাম মোল্লাও বিকাশ ও নগদের এজেন্টের দোকানে ঘুরে টাকা তুলতে পারেননি। তিনি বলেন, ‘ঢাকা থেকে বড় ভাই বিকাশে ৩ হাজার টাকা পাঠিয়েছেন। টাকাটা খুব দরকার। এখন কী করব বুঝতে পারছি না।’
শুক্রবার গোপালগঞ্জ শহরের বটতলা, লঞ্চঘাট, বাজার রোড ও কোর্ট এলাকার বিকাশ, নগদ ও রকেটের এজেন্টের দোকানগুলোতে গ্রাহকদের ভিড় দেখা যায়। যাদের অ্যাকাউন্ট সচল রয়েছে, তারাও পরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় টাকা তুলে নিচ্ছেন। এতে এজেন্টদের দোকানে চাপ বেড়েছে।
কালীবাড়ি রোডের বাসিন্দা অসীম বিশ্বাস ভাই ভাই টেলিকম থেকে নিজের অ্যাকাউন্টের টাকা তুলে নেন। তিনি বলেন, ‘অ্যাকাউন্টে ৫ হাজার ৫০০ টাকা ছিল। এখন দরকার না থাকলেও সব তুলে নিয়েছি। পরে বন্ধ হলে বিপদে পড়ব।’
এজেন্টদের ভাষ্য, গ্রাহকদের ক্যাশ-আউটের চাপ সামলাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। ফলে দোকানগুলোতে নগদ টাকার সংকটও তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান একটি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যেসব অ্যাকাউন্টের লেনদেন সন্দেহজনক মনে করেছে, সেগুলো সীমিত বা বন্ধ করা হয়েছে। এটি শুধু গোপালগঞ্জ বা বগুড়ার বিষয় নয়। উপযুক্ত মনে করলে বিএফআইইউ এসব বিধিনিষেধ তুলে নেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সাদিক হাসান বলেন, সহিংসতায় অর্থায়নের আশঙ্কা থেকে সরকার এমন পদক্ষেপ নিতে পারে। তবে এ বিষয়ে সরকারের কোনো ঘোষণা না থাকায় জবাবদিহির সুযোগ তৈরি হচ্ছে না। কেন এবং কত দিনের জন্য সেবা বন্ধ রাখা হচ্ছে, তা স্পষ্টভাবে জানানো উচিত বলে মনে করেন তিনি।
মোবাইল ব্যাংকিংয়ের বাইরেও নানা কড়াকড়ি
গত ১৭ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেন। এর এক সপ্তাহের মধ্যে মুকসুদপুর থানা এবং বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনার পর থেকে গোপালগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার খবরও এসেছে। তবে এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
এদিকে, বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ওজোপাডিকো গত বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছে। বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর রাজনৈতিক হামলা হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.