দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন..
প্রকাশ: 26 November 2026 । 11:18 | আপডেট: 26 November 2026 । 11:18
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি বলেছেন, ঐতিহাসিক এই সংসদ ভবনে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে উপস্থিত হওয়া তাঁর কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার স্মারক।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন হুমাম কাদের। পোস্টে দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবিও যুক্ত করেন তিনি।
পোস্টে হুমাম কাদের লেখেন, ‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’
তিনি আরও লেখেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা তাঁকে পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ইতিহাস শুধু অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।
নিজের অনুভূতি তুলে ধরে হুমাম বলেন, ছবিটি তাঁর কাছে শুধু একটি মুহূর্তের স্মৃতি নয়; বরং প্রজন্মের পর প্রজন্মের আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং জনসেবার দায়িত্ববোধের প্রতিফলন।
এদিকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে পাকিস্তান সফররত সংসদীয় প্রতিনিধিদল বুধবার দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখেন।
পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য ও দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.