পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব..

প্রকাশ: 23 November 2026 । 18:39 | আপডেট: 23 November 2026 । 18:39

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডে জমা দিয়েছে মালিকপক্ষ। তবে আপাতত প্রস্তাবিত বেতন কাঠামোর বিস্তারিত প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সোমবার (২৩ নভেম্বর) তিনি এ তথ্য জানান। আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষ তাদের প্রস্তাব বোর্ডে জমা দিয়েছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা হবে না।

এর আগে গত ১৬ নভেম্বর বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়। সোমবারের সভায় তাদের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত হওয়ায় তা আর সম্ভব হয়নি।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এর আগে, গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। সে হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!