প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক, সংস্কার..
প্রকাশ: 23 November 2026 । 17:50 | আপডেট: 23 November 2026 । 17:50
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন। তবে এনসিপি এ ঐক্যের সঙ্গে সংস্কারের বিষয়টিও যুক্ত করার কথা বলেছে।
নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ধারাবাহিকভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাস করছে। দেশের পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন। এটি কোনো দলীয় লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়ে জনগণের ঐক্য বেশি প্রয়োজন।
বৈঠকে গঙ্গা চুক্তিতে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে সরকারকে আপস না করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নাহিদ।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কমিটি বাতিলের দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এনসিপির এসব দাবি সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিচ্ছে। বিষয়টি আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপির নয়, বরং বাংলাদেশের ভূখণ্ডের প্রশ্ন। এখন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চলছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সীমান্তে বিজেপির সমাবেশে আওয়ামী লীগ নেতাদের যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে যা কিছু ঘটছে, এর সঙ্গে ভারত জড়িত। আন্তর্জাতিক পরিসরেও তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে।
বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন না উল্লেখ করে নাহিদ বলেন, আওয়ামী লীগের শাসনামলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। ভারত সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম ও গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এদিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানান, সরকার নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে।
এই মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকার রাজনৈতিক সহাবস্থান করতে চায়, আজকের বৈঠক তারই প্রমাণ।
মাহ্দী আমিন বলেন, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি আলোচনায় এসেছে। পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নয়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য রয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশের পথে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও জানান মাহ্দী আমিন।
এনসিপির দাবির বিষয়ে তিনি বলেন, দলটি তাদের বক্তব্য তুলে ধরেছে। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান জানিয়েছেন।
বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.