পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮..

প্রকাশ: 18 November 2026 । 17:29 | আপডেট: 18 November 2026 । 17:29

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫০০ টাকা থেকে ২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, শ্রমিকদের জন্য জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করাই হওয়া উচিত চূড়ান্ত লক্ষ্য।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সিপিডির কার্যালয়ে পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার সদস্যের একটি পরিবারের ব্যয় বিবেচনায় ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির সমপরিমাণ ক্রয়ক্ষমতা ধরে রাখতে বর্তমানে প্রয়োজন ১৬ হাজার ৩০০ টাকা। শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমার ওপরে থাকতে একজন উপার্জনকারীর মাসিক আয় প্রয়োজন অন্তত ১৮ হাজার ৫০০ টাকা। আর মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার টাকার বেশি।

ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণ এখন দর-কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবে মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যেই অসন্তোষ থেকে যায়। তাই মজুরি নির্ধারণের অন্তত ছয় মাস আগে বোর্ড গঠন করা উচিত। মূল্যস্ফীতি, শিল্পাঞ্চলে জীবনযাত্রার ব্যয়, শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা, কাজের ধরন ও উৎপাদনশীলতা বিবেচনায় নিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতায় টিকে থাকতে জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা জরুরি। এটি শুধু শ্রমিকের অধিকার নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার ও প্রতিযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!