গোপালগঞ্জে থানা ও এমপির বাড়িতে..
প্রকাশ: 18 November 2026 । 14:47 | আপডেট: 18 November 2026 । 14:47
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রাতভর হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থানার পাশাপাশি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাজুড়ে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালান। আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে লোকজন জড়ো করার জন্য স্থানীয় বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে থানার দিকে যান তারা।
পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরে থানা চত্বরে রাখা পুলিশের কয়েকটি গাড়ি ও পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।
এরপর স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.