রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯..
প্রকাশ: 18 November 2026 । 14:22 | আপডেট: 18 November 2026 । 14:22
অনলাইন ডেস্ক
রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন জরুরি উদ্ধারকর্মীরা। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আন্তোনভ অ্যান-১২ মডেলের বিমানটি পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো শহরের কাছে একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত ওই এলাকায় দুর্ঘটনার সময় বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন। তাদের কেউই বেঁচে ফেরেননি। সাধারণত এ মডেলের বিমানে ছয়জন ক্রু সদস্য থাকেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন রুশ বিমানবাহিনীর বিশেষজ্ঞরা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নির্ধারণে ঘটনাস্থলে কাজ করছে রুশ অ্যারোস্পেস ফোর্সের একটি তদন্ত কমিশন।
এদিকে, আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, জরুরি উদ্ধারকর্মীরা বিমানটির আগুন নিভিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও তারা সহায়তা করছেন। ইয়াগুনোভো গ্রামের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, আঞ্চলিক আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় ফ্লাইট নিরাপত্তাবিধি লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে তদন্ত শুরু করেছে রাশিয়ার শীর্ষ অপরাধ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি। দেশটিতে বিমান দুর্ঘটনার পর এ ধরনের তদন্ত শুরু করা নিয়মিত প্রক্রিয়ার অংশ।
সোভিয়েত ইউনিয়নে নির্মিত চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ পরিবহন বিমান আন্তোনভ অ্যান-১২। ১৯৫০-এর দশকের শেষ দিকে এটি পরিষেবায় যুক্ত হয়। এ মডেলের এক হাজারের বেশি বিমান তৈরি করা হয়েছে। এর কিছু বিমান এখনো রাশিয়াসহ বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে।
এর আগে, গত সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে দেশটির পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টুপোলেভ টিইউ-৯৫ সামরিক বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ছয়জন ক্রু সদস্য নিহত এবং একজন আহত হন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.