১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে..

প্রকাশ: 14 November 2026 । 19:19 | আপডেট: 14 November 2026 । 19:19

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী। তারা রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করবেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। ফলে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

তিনি বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এ কাজ করে যাচ্ছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ধীরগতিতে তারা হতাশ হতে পারেন। তবে তাদের মনে রাখতে হবে, নিজেদের গবেষণা ও কাজের মাধ্যমে অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছেন তারা।

এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের প্রশংসা ও অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাত সংস্কারের পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার।

অগ্রাধিকারগুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা, ওষুধ শিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজিতে উৎসাহ প্রদান, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং স্বাস্থ্য গবেষণায় টেকসই পরিবেশ তৈরি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!