৫ বছরে প্রতিটি বিভাগীয় শহরে..

প্রকাশ: 14 November 2026 । 18:59 | আপডেট: 14 November 2026 । 18:59

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ক্যান্সার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা সমন্বিত করতে ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল’ গঠন করবে সরকার। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবার উন্নয়ন ও জোরদারকরণে আন্তর্জাতিক ‘ইমপ্যাক্ট মিশন’-এর অংশ হিসেবে আয়োজিত জাতীয় অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্যান্সার নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনা প্রণয়ন ত্বরান্বিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে ইমপ্যাক্ট মিশন কাজ করছে। মিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম ও কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “আমরা চাই ক্যান্সারের কারণে আর একটি পরিবারও যেন নিঃস্ব হয়ে না যায়।”

দেশে স্তন, কোলোরেক্টাল ও মুখগহ্বরের ক্যান্সারে মৃত্যুর হার বেশি উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, এসব ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ পাঠ্যক্রমে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিংয়ের বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এতে প্রান্তিক পর্যায় থেকেই দ্রুত রোগ শনাক্ত করা সম্ভব হবে।

ক্যান্সার নিয়ন্ত্রণে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ কার্যক্রম শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। সারা দেশে রেডিয়েশন থেরাপি ও আধুনিক চিকিৎসা প্রযুক্তি ছড়িয়ে দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।

খাদ্যে ভেজাল রোধ ও ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ধূমপান নিয়ন্ত্রণে কর বৃদ্ধি ও নীতিগত পরিবর্তনের মতো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এমন অন্যান্য খাদ্য ও পণ্যের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. এন্থনি এশোফনিসহ দেশি-বিদেশি ক্যান্সার বিশেষজ্ঞরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!