সাড়ে সাত ঘণ্টা পর যুক্তরাষ্ট্রজুড়ে..
প্রকাশ: 14 November 2026 । 13:10 | আপডেট: 14 November 2026 । 13:10
অনলাইন ডেস্ক
যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হয়ে যাওয়া বিমান চলাচল আবার শুরুর অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে শুক্রবার দুপুর ১২টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। দেশটির আকাশপথ নিয়ন্ত্রণকারী ২২টি আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ সমস্যার কারণে এ অচলাবস্থা তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে উড্ডয়ন স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে আলাস্কা ও হাওয়াইয়ের কিছু অভ্যন্তরীণ এবং যুক্তরাষ্ট্রের আকাশসীমা ছেড়ে যাওয়া কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট এ নিষেধাজ্ঞার বাইরে ছিল।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণকারী আঞ্চলিক কেন্দ্রগুলোতে যোগাযোগ সমস্যা দেখা দেয়। পুরোনো ও নতুন প্রযুক্তির সমন্বিত ব্যবস্থায় ত্রুটি এবং পুরোনো যোগাযোগব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছেন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা।
স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, এ ঘটনার পেছনে সাইবার হামলা বা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি মূলত টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি। আকাশে থাকা সব বিমানের অবস্থান শনাক্ত করে সেগুলো নিরাপদে অবতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিমান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটে। ফেডএক্স জানায়, পরিস্থিতি মোকাবিলায় তাদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রয়েছে। এদিকে এয়ার কানাডা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কয়েকটি ফ্লাইট বাতিল করে। জেটব্লুও শুক্রবার সন্ধ্যার বাকি অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বাতিল করে। ইউরোপের বিমান চলাচল কর্তৃপক্ষও যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করে।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল প্রশাসনের গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ হয়েছিল। এরপর শুক্রবারের ঘটনা ছিল এ ধরনের প্রথম বড় অচলাবস্থা। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল।
সূত্র: এপি
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.