সারের মজুত বেড়ে ১৬ লাখ..
প্রকাশ: 14 November 2026 । 12:36 | আপডেট: 14 November 2026 । 12:36
অনলাইন ডেস্ক
দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন ইউরিয়া, ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন টিএসপি, ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন ডিএপি এবং ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন এমওপি সার মজুত রয়েছে। গত অর্থবছরের একই সময়ে মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সারের প্রকৃত চাহিদা নিরূপণ, আগাম মজুত ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য ঘাটতিপ্রবণ এলাকা চিহ্নিত করা, অতিরিক্ত বা কম চাহিদা নির্ধারণ বন্ধ এবং নিয়মিত মজুত ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, ডিলারদের দোকানে মূল্যতালিকা ও মজুতের তথ্য প্রদর্শন এবং মজুতদারি, অতিরিক্ত দাম আদায় ও অবৈধ পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের কথাও বলা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তৎপর রয়েছে। সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি চলছে।
তিনি জানান, সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করবেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, উত্তরাঞ্চলের কৃষি উৎপাদনের গুরুত্ব বিবেচনায় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের ফলে আসন্ন রবি মৌসুমে সারের কোনো ঘাটতি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: বাসস
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.