জলবায়ু তহবিলে ঋণ নয়, অনুদান..
প্রকাশ: 11 November 2026 । 19:18 | আপডেট: 11 November 2026 । 19:18
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আর ঋণ নয়, বরং অনুদান হিসেবে জলবায়ু তহবিল চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১১ নভেম্বর) কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু অর্থায়নের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতির অগ্রযাত্রায় বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদন, নদী খননসহ বিভিন্ন টেকসই কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব জলবায়ু ফোরামে প্রধানমন্ত্রী এসব উদ্যোগ তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দেশগুলো দীর্ঘদিন ধরে সংকট মোকাবিলা করছে। তাই এবারের সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর ও সুনির্দিষ্ট সমাধান প্রত্যাশা করছে বাংলাদেশ। শুধু আশ্বাস নয়, অনুদানের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর সিদ্ধান্ত আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, কপ সম্মেলনের পাশাপাশি বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উপ-রাষ্ট্রপতি ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, এসব কূটনৈতিক তৎপরতা ও উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থায়নে ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.