মির্জাগঞ্জে স্কুল ছাত্রী যুথীর খুনিদের..

প্রকাশ: 6 November 2026 । 19:00 | আপডেট: 6 November 2026 । 19:00

মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান যুথীর (১৬) প্রকৃত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় নিহত স্কুলছাত্রীর বিদ্যালয় সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে নিহত স্কুল ছাত্রীর পিতা মোঃ জামাল হোসেন বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা আসামী করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধারের পরই প্রেমিক আকাশসহ সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

যুথি হত্যাকান্ডে প্রকৃত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হালিম,সহকারী শিক্ষক মাওলানা আবদুল মালেক,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন মুন্সী,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশ্রাফ আলী হাওলাদার ও সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা যুথিকে নির্মমভাবে হত্যার নিন্দা জানানোসহ খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় ব্যবসায়ী ও নারী-পুরুষ সহ তিন শতাধিক লোক অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিন ঘটকের আন্দুয়া গ্রামের মোঃ জামাল হাওলাদারের কন্যা ইসরাত জাহান যুথি (১৬) গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে নির্বাচনী পরিক্ষায় ভূগোল বিষয় পরীক্ষা অংশগ্রহন করতে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। বিদ্যালয়ের পরীক্ষার পর যথাসময়ে যুথি বাড়ী না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পাননি। ঐদিনই যুথির মা বিদ্যালয়ে গিয়ে মেয়ের খোঁজ করলে শিক্ষকরা জানান,ঐ দিন পরীক্ষায় অংশ নিতে যুথি বিদ্যালয়ে যায়নি। নিখোঁজের দুই দিন পর গত বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে নিখোঁজ মেয়ের সন্ধানে জামাল হাওলাদার বাড়ী থেকে বের হলে বাড়ী থেকে প্রায় দুইশ গজ দূরে একটি বাগানের পার্শ্বে গ্রামীন সড়কে যুথির ব্যবহৃত জুতা দেখতে পান। জুতার সূত্র ধরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাগানের ভিতরে একটি ডোবার মধ্যে মেয়ের অর্ধ বিবস্ত্র মরদেহ পরে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, এ বিষয়ে নিহত স্কুলছাত্রী ইসরাত জাহান যুথির বাবা মোঃ জামাল হাওলাদার বৃহস্পতিবার রাতে জন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ০৫,তারিখ-০৫.১১.২০২৬ ইং। ইতোমধ্যে নিহতের প্রেমিকসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!