দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৬৬ জনসহ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২১৫ জন, বরিশালে ২০৬ জন, রাজশাহীতে ১৭১ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬৬ জন এবং সিলেটে ১৩ জন ভর্তি হয়েছেন।