অক্টোবরে ২৮৭ কোটি ডলারের বেশি..

প্রকাশ: 1 November 2026 । 20:36 | আপডেট: 1 November 2026 । 20:36

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকার বেশি।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। সে হিসাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে।

তবে টানা পাঁচ মাস ধরে দেশে তিন বিলিয়ন ডলারের কম রেমিট্যান্স এসেছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত কয়েক মাস দেশে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।

এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।

অক্টোবর মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহের চিত্রে দেখা যায়, জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার, আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার এবং অক্টোবরে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!