২ নভেম্বর থেকে ১৩ সিটি..

প্রকাশ: 1 November 2026 । 18:30 | আপডেট: 1 November 2026 । 18:30

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২ নভেম্বর) থেকে। প্রথম পর্যায়ে যানবাহনের নিবন্ধন করা হবে। পরে পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, ‘সিটি করপোরেশন আইন, ২০০৯’-এর ২০২৬ সালের সংশোধিত আইনের ১২০ ধারায় ই-রিকশা নিবন্ধনের বিধান রাখা হয়েছে। জাতীয় সংসদে আইন পাসের পর বিধিমালা প্রণয়ন করা হয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে তা সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। ফলে ই-রিকশা নিবন্ধনে এখন আর কোনো আইনগত বাধা নেই।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা। এক বছর পর ফিটনেস যাচাই করে নবায়ন করতে দিতে হবে চার হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং নবায়ন ফি পাঁচ হাজার টাকা। ফিটনেস সনদে কিউআর কোড থাকবে, এ জন্য দিতে হবে এক হাজার টাকা। নিবন্ধিত ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর চলাচল করতে পারবে।

ই-রিকশা উৎপাদন নিয়ন্ত্রণ ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সিটি করপোরেশন, পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটিটি গঠিত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ই-রিকশা উৎপাদনে বুয়েট অনুমোদিত নকশা অনুসরণ করতে হবে। বর্তমানে চলাচলরত ই-রিকশাগুলোকেও নির্ধারিত নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে।

বিধিমালায় নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অনুমোদিত গতিসীমা অতিক্রম, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক সিগন্যাল অমান্য, যাত্রী ছাড়া মালামাল পরিবহন এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার ক্ষেত্রেও আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিধান থাকলেও আপাতত তা কার্যকর হচ্ছে না। প্রথমে যানবাহনের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। পরে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে চালকদের লাইসেন্সের আওতায় আনা হবে। এর আগে চালকদের মালিকপক্ষের দেওয়া পরিচয়পত্র থাকবে।

ঢাকা মহানগরে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি জোন করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চারটি করে জোন থাকবে। প্রতিটি জোনের ই-রিকশার রং হবে আলাদা। ফলে এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না। কিউআর কোডে নিবন্ধন নম্বর, মালিকের তথ্য, সিটি করপোরেশন ও জোনের পরিচয় উল্লেখ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, কোন জোনে কতসংখ্যক ই-রিকশা চলাচল করবে, তা ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন আলোচনা করে নির্ধারণ করবে। তবে আপাতত ই-রিকশার সংখ্যার ওপর কোনো সীমা নির্ধারণ করা হয়নি।

নতুন বিধিমালা নিয়ে ই-রিকশাচালকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিবন্ধন কার্যক্রম শুরুর পর নিয়ম মেনে পর্যায়ক্রমে যানবাহন নিবন্ধন করা হবে। অবৈধ ব্যাটারিচালিত ই-রিকশা পর্যায়ক্রমে অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। রাতারাতি কোনো পরিবর্তন না করে ধাপে ধাপে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া ই-রিকশার চার্জিং পয়েন্ট নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। নির্দিষ্ট স্থানে চার্জিং পয়েন্ট স্থাপনের অনুমোদন দেওয়া হবে। সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জিংয়ের ব্যবস্থা করতে পারবে এমন প্রতিষ্ঠানকে সিটি করপোরেশনের অনুমোদন বা ট্রেড লাইসেন্স দেওয়া হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা এসব কেন্দ্র তদারকি করবেন।

ই-রিকশার কিলোমিটারপ্রতি ভাড়াও নির্ধারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে, যা সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাস পর সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে অগ্রগতি জানানো হবে। তখন কতগুলো ই-রিকশা নিবন্ধিত হয়েছে, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অবৈধ ই-রিকশা অপসারণের বিষয়ে পরবর্তী পরিকল্পনা তুলে ধরা হবে।

নতুন বিধিমালা আপাতত দেশের ১৩টি সিটি করপোরেশনে কার্যকর হবে। পৌরসভা এলাকায় ই-রিকশা নিয়ন্ত্রণে নিতে সংশ্লিষ্ট আইন সংশোধন করে পরে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!