প্রথম ফুটবলার হিসেবে প্রিন্সেস অব..
প্রকাশ: 24 October 2026 । 20:08 | আপডেট: 24 October 2026 । 20:08
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ফুটবল মাঠের অসংখ্য রেকর্ডের পর এবার মাঠের বাইরের অর্জনে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে ব্যক্তিগতভাবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’-এর ক্রীড়া বিভাগে পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর ক্যাম্পোয়ামর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের হাত থেকে ২০২৬ সালের পুরস্কার গ্রহণ করেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি।
৩৯ বছর বয়সী মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। এর আগে দলীয় অর্জনের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে ব্রাজিল জাতীয় ফুটবল দল এবং ২০১০ সালে স্পেন জাতীয় ফুটবল দল এই পুরস্কার পেয়েছিল। ২০১২ সালে যৌথভাবে সম্মানিত হন স্পেনের দুই তারকা ইকার ক্যাসিয়াস ও জাভি হার্নান্দেজ।
গত ৩ জুন ২৭টি মনোনয়নের মধ্য থেকে মেসিকে বিজয়ী ঘোষণা করে পুরস্কারটির বিচারকমণ্ডলী। তাঁর অসাধারণ প্রতিভা, দীর্ঘদিনের ধারাবাহিক পারফরম্যান্স, বিনয় এবং দলীয় সাফল্যের প্রতি অঙ্গীকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে পরিচিত মেসির অর্জনের ঝুলিতে রয়েছে ৪৭টি দলীয় শিরোপা। তবে শুধু মাঠের সাফল্য নয়, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদানও এই স্বীকৃতির অন্যতম কারণ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রিন্সেস লিওনর মেসির প্রশংসা করে বলেন, তিনি ‘অসাধারণকে নিয়মিত ঘটনায় পরিণত করেছেন’। খেলার মাঠে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
মেসির অবদান শুধু গোল, অ্যাসিস্ট কিংবা ট্রফি জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার নিয়ে কাজ করছেন তিনি। পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছে।
স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন মেসি। তাঁর জীবনে স্পেনের বিশেষ গুরুত্ব রয়েছে। বার্সেলোনায় দুই দশকেরও বেশি সময় কাটিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয় স্প্যানিশ শিল্পী হোয়ান মিরোর নকশা করা ভাস্কর্য, সনদ, পদক এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য।
এর আগে এই পুরস্কারের ক্রীড়া বিভাগে সম্মানিত হয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিন এবং ম্যারাথন চ্যাম্পিয়ন এলিউড কিপচোগে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.