বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান..
প্রকাশ: 20 October 2026 । 23:42 | আপডেট: 20 October 2026 । 23:42
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ধর্মীয় পরিচয় নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার দেশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, রাজনৈতিক কারণে তাঁকে বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে থাকতে হয়েছিল। মুসলমান হিসেবে তিনি সংখ্যাগরিষ্ঠের অংশ হলেও দেশের ওপর অন্য ধর্মাবলম্বীদের যে অধিকার রয়েছে, তাঁরও একই অধিকার রয়েছে। রাষ্ট্র সবার সঙ্গে সমান আচরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনা না করে দেশ স্বাধীন করার লক্ষ্যে একসঙ্গে লড়াই করেছেন। একইভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও বিভিন্ন ধর্মের মানুষ অংশ নিয়েছেন।
তিনি বলেন, আন্দোলনে আহতদের হাসপাতালে নেওয়া কিংবা চিকিৎসা দেওয়ার সময় ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি। সবার পরিচয় ছিল তাঁরা এ দেশের মানুষ। ধর্ম ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান।
শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ছিল এমন একটি দেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে এবং মিলেমিশে থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করেন। বক্তব্যের শেষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে ও দুপুরে রংপুর ও রাজশাহীতে দুর্গাপূজার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে রাতে চট্টগ্রামের জেএম সেন হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.