সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে..
প্রকাশ: 20 October 2026 । 23:05 | আপডেট: 20 October 2026 । 23:47
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশের কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তি সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে এবং দেশের ভেতরে একটি পক্ষ সেই অর্থের সহায়তায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ অব্যাহত রাখতে আগামী পাঁচ বছর বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বানও জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনকে ধারণ করে। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণ, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের উদ্যোগ এবং আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত না থাকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, এসব দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসংগতি রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.